#programming #beginner-guide #learn-to-code #career-advice #ai-tools #motivation
প্রোগ্রামিং শেখা শুরু করবে? কনফিউশন কাটিয়ে ওঠার আসল উপায়
2026-08-30 · 8 min read

প্রোগ্রামিং শেখা শুরু করার সময় মাথায় হাজারটা প্রশ্ন ভিড় করে আসাটা একদম স্বাভাবিক একটা ব্যাপার। জিনিসটা নতুন, তাই কৌতূহলও থাকবে বেশি। আসল সমস্যা হয় তখন, যখন উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় দশজনকে জিজ্ঞেস করলে দশ রকম উত্তর আসছে। কেউ বলবে আগে C শেখো, কেউ বলবে সরাসরি Python দিয়ে শুরু করো, কেউ আবার বলবে অ্যালগরিদম শিখে প্রোগ্রামিং কনটেস্টে নেমে পড়ো। তাহলে আসলে করণীয়টা কী?
এই লেখাটা তোমাকে আরেকটা নতুন উপদেশ দিয়ে কনফিউশন বাড়ানোর জন্য না, বরং কনফিউশন কমানোর একটা চেষ্টা, সাথে কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করার একটা প্রচেষ্টা।
এখন প্রশ্ন হলো, প্রোগ্রামিং শেখা কি আগের চেয়ে সহজ হয়ে গেছে, নাকি কঠিন? একদিক থেকে দেখলে অবশ্যই সহজ। এখন ল্যাংগুয়েজগুলো অনেক বেশি developer-friendly, IDE ভুল ধরিয়ে দেয় লেখার সাথে সাথেই, আর একটা প্রশ্ন গুগলে লিখলেই হাজার হাজার টিউটোরিয়াল চলে আসে। তার উপর এখন তো হাতের কাছেই আছে ChatGPT বা Claude-এর মতো AI অ্যাসিস্ট্যান্ট, যাকে জিজ্ঞেস করলেই সাথে সাথে কোড লিখে দেয়। কিন্তু এই একই কারণগুলোই শেখাটাকে অনেক সময় আগের চেয়ে বেশি জটিল করে তুলেছে। এত এত অপশনের ভিড়ে ঠিক করাই কঠিন হয়ে যায় কী শিখব, কোথা থেকে শিখব, আর কাকে বিশ্বাস করব।
আমি নিজে যখন প্রথম প্রোগ্রামিং শিখি, তখন হাতে ছিল একটা বেসিক ল্যাংগুয়েজের টিউটোরিয়াল, একটা কম্পাইলার, আর সীমিত ইন্টারনেট অ্যাক্সেস। পৃথিবীতে যে হাজারটা ল্যাংগুয়েজ আছে, কোনটার কী সুবিধা এসব নিয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না। নিজে নিজে গুঁতাগুঁতি করে ছোট ছোট প্রোগ্রাম লিখতাম ক্যালকুলেটর, নাম্বার কনভার্টার এসব দিয়েই কোডিংয়ের সাথে প্রথম পরিচয়। গাইড করার মতো কেউ ছিল না, নিজে নিজেই বুঝে নিতে হতো।
পরে যখন আরেকটু সিরিয়াসভাবে শেখা শুরু করলাম, একটা জিনিস খুব দ্রুত বুঝে গিয়েছিলাম। কোন ল্যাংগুয়েজ দিয়ে শুরু করব তা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে একটা ভালো, নির্ভরযোগ্য বই বা রিসোর্স বেছে নিয়ে সেটা শেষ করাটাই আসল কাজ। কারণ একটা ল্যাংগুয়েজ ভালোভাবে শিখে ফেললে বাকিগুলো শেখা তত কঠিন হয় না। আসল স্কিল হলো "প্রোগ্রামারের মতো চিন্তা করতে" শেখা। একটা নির্দিষ্ট সিনট্যাক্স মুখস্থ করা না।
এখন হাতে আগের চেয়ে অনেক বেশি রিসোর্স আছে, জ্ঞানও হয়তো বেড়েছে, কিন্তু নতুন কিছু শিখতে গেলে এখনো মাঝেমধ্যে কনফিউজড হয়ে যাই। কারণ চারদিকে তাকালেই দেখা যায় শত শত ফ্রেমওয়ার্ক। JavaScript ইকোসিস্টেমে প্রতি কয়েক মাসে একটা নতুন ফ্রেমওয়ার্ক আসে বললে অতিরঞ্জন হবে না। এর উপর এখন যোগ হয়েছে হাজারটা AI কোডিং টুল আর "এজেন্ট", যারা প্রতিটাই দাবি করে যে পুরো ডেভেলপমেন্ট ওয়ার্কফ্লোটাই বদলে দেবে। কালকে একটা টুল শিখলাম, আজ শুনি সেটা নাকি "পুরনো হয়ে গেছে", নতুন কিছু এসে গেছে বাজারে। এই দৌড়ের পেছনে ছুটতে গেলে ক্লান্ত হয়ে পড়াটাই স্বাভাবিক।
আরেকটা সমস্যা হলো, ইন্টারনেটে "জ্ঞান জাহির করা" কনটেন্ট ক্রিয়েটরের সংখ্যা এখন অনেক বেশি। বিশেষ করে ছোট ছোট রিলস বা শর্টস ভিডিওতে। কনফিউজড আর হতাশ হতে না চাইলে এদের চিনে রাখাটা জরুরি। এদের লক্ষ্য থাকে ৬০ সেকেন্ডের ভিডিওতে বিশটা বাজওয়ার্ড গুঁজে দিয়ে নিজের পাণ্ডিত্য জাহির করা, কোনো টপিকের গভীরে না গিয়েই। "Scalable", "AI-powered", "production-ready" এসব শব্দ শুনতে চমৎকার লাগলেও, প্রায়ই দেখা যায় এর আড়ালে আসলে খুব সাধারণ একটা ধারণাই লুকিয়ে আছে। আর এখন তো AI চ্যাটবটও একদম আত্মবিশ্বাসের সাথে ভুল তথ্য দিতে পারে। তাই আগের চেয়ে বেশি সতর্ক থাকাটা এখন আরও জরুরি হয়ে গেছে।

তাহলে এত সব কিছুর ভিড়ে কনফিউজড না হয়ে কীভাবে শিখবে? প্রথম কথা হলো, নতুন কিছু শিখতে গেলে শুরুতে কনফিউজড তোমাকে হতেই হবে; এটা মেনে নাও। কনফিউশনের মধ্যেও কমন-সেন্স খাটিয়ে পথ খুঁজে নিতে পারা কি না, সাফল্য অনেকটাই তার উপর নির্ভর করে। বুদ্ধিমানের কাজ হলো ল্যাংগুয়েজ বা ফ্রেমওয়ার্ক নিয়ে অহেতুক তর্ক এড়িয়ে চলা। প্রতিটা টুলেরই সুবিধা-অসুবিধা আছে, এই তর্কের কোনো শেষ নেই।
ক্রিকেটে যখন কেউ পরপর কয়েক ম্যাচ খারাপ খেলে, কোচরা তখন একটাই কথা বলেন, "Stick to the basics"। মানে হাজার রকম টেকনিক না খাটিয়ে বেসিকের দিকে মনোযোগ দাও, ফর্ম ফিরলে রিভার্স সুইপে ছক্কা মারার সময় আবার পাওয়া যাবে।
নতুন প্রোগ্রামিং শিখতে চাইলে "কোন ল্যাংগুয়েজ শিখলে চাকরি বেশি পাব" এই চিন্তা বাদ দিয়ে যেকোনো একটা ল্যাংগুয়েজ বেছে নিয়ে বেসিকের প্রতি মনোযোগী হও। ডেটা টাইপ কী কী আছে, অ্যারে-পয়েন্টার কীভাবে কাজ করে, কী করলে প্রোগ্রাম ক্র্যাশ করে, কীভাবে ডিবাগ করতে হয়, এগুলো ভালোভাবে বোঝো। বেসিক শক্ত হলে তারপর না হয় ভাবা যাবে C ভালো নাকি Python, নাকি Rust!
নতুন কোনো বিষয় শেখার সময় চেষ্টা করো একসাথে অনেকগুলো সোর্স থেকে না শিখতে। সবচেয়ে নির্ভরযোগ্য একটা সোর্স বেছে নিয়ে সেটা দিয়ে মোটামুটি ভালোভাবে শিখে ফেলো, তারপর অন্য সোর্স ঘেঁটে দেখো আরও কিছু শেখা যায় কি না। এতে কনফিউজড হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। কোনো বই, ভিডিও বা ব্লগ ভালো কি না বোঝার সহজ উপায় হলোঃ সেখানে শুধু "কী করলে কী হবে" বলা থাকবে না, "কেন হবে" সেটাও ব্যাখ্যা করা থাকবে। মনে রাখতে হবে, একটা বিষয়ে শুধু একটা রিসোর্স পড়ে সারাজীবন চালিয়ে দেওয়াটাও বুদ্ধিমানের কাজ না।
কারও উপদেশ নেওয়ার আগে আরেকটা জিনিস যাচাই করতে হবে। যে উপদেশ দিচ্ছে, সে আসলে সেই বিষয়ে কতটা দক্ষ? ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত সবসময় এমন কারও কাছ থেকে অন্ধভাবে নিও না যার নিজের অভিজ্ঞতাই সীমিত। এমনকি অনেক বিখ্যাত মানুষও অনেক সময় এমন বিষয়ে মন্তব্য করে বসেন, যেটায় তারা আসলে বিশেষজ্ঞ না। যে বিষয়ে বছরের পর বছর কাজ করা মানুষটার মতামত, সেটাকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমার লেখাতেও অনেক সময় নানারকম কথা চলে আসতে পারে। তোমাকে কমন-সেন্স খাটিয়ে বুঝে নিতে হবে কোনটা আসলেই কাজের কথা, আর কোনটা নিছক মতামত।
সবশেষে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা। তোমাকে জানতে হবে তুমি কেন প্রোগ্রামিং শিখছো। শুধু আনন্দের জন্য? প্রোগ্রামিং কনটেস্টের জন্য? দ্রুত অ্যাপ ডেভেলপার হতে চাও, নাকি AI টুল ব্যবহার করে নিজের একটা প্রোডাক্ট বানাতে চাও? লক্ষ্যটা স্পষ্ট থাকলে উপদেশ চাওয়ার সময়ও তুমি সঠিক প্রশ্ন করতে পারবে, আর যে উত্তর দিচ্ছে তার পক্ষেও সহজ হয়ে যাবে সঠিক দিকনির্দেশনা দেওয়া। কেউ যদি শুধু জিজ্ঞেস করে "C শিখব নাকি Python", উত্তর দেওয়া কঠিন। কিন্তু কেউ যদি বলে, "আমি প্রোগ্রামিং অলিম্পিয়াডে অংশ নিতে চাই, C নাকি Python কোনটা শিখব?" তখন স্পষ্ট কারণসহ উত্তর দেওয়া অনেক সহজ হয়ে যায়।
তোমার প্রোগ্রামিং যাত্রা দীর্ঘ আর আনন্দময় হোক। হ্যাপি কোডিং!